রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় মদ মনে করে ভুলবশত বিষ পান করে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৬ বছর বয়সী রিংকন বড়ুয়া।
মৃত রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ম্রুংদং পাড়ার মিলন বড়ুয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিংকন সম্প্রতি চাকরি থেকে ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। গত মঙ্গলবার তিনি অসাবধানতাবশত মদ ভেবে বিষ পান করে ফেলেন।
বিষক্রিয়া টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুটিতে বাড়িতে এসে ছেলেটি ভুলবশত বিষ পান করেছিল এবং আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























