পরীক্ষা শেষ হওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও হতাশায় ভুগছেন। এর মধ্যেই নতুন পরীক্ষার ঘোষণা আসায় তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের উচ্চশিক্ষা, চাকরির প্রস্তুতি এবং পরবর্তী একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের মতে, সাত কলেজে দীর্ঘদিন ধরেই প্রশাসনিক সমন্বয়হীনতা ও নানা জটিলতার কারণে ফলাফল প্রকাশে এমন অস্বাভাবিক বিলম্ব ঘটছে।
২০১৭ সালে সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে শিক্ষার্থীরা দীর্ঘদিনের সংকট নিরসনের আশা করেছিলেন। তবে প্রায় এক দশক পরেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি; বরং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা এখন একটি বড় সমস্যায় পরিণত হয়েছে।
অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান বলেন, “চার মাস আগে পরীক্ষা শেষ হলেও ফল না আসায় আমরা চরম হতাশায় আছি। অনেক বিভাগে তো এরই মধ্যে তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা শেষ, দ্রুত ফল প্রকাশ করা জরুরি।” একই ধরনের উদ্বেগ প্রকাশ করে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান জানান, তাদের চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা চলছে এবং চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশিত হয়েছে, অথচ তৃতীয় বর্ষের পূর্ণাঙ্গ ফল এখনো আসেনি। এতে কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছেন কিনা, তা জানতে না পারায় তারা অনিশ্চয়তার মধ্যে আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে অনার্স পর্যায়ে মোট ২৫টি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও বাস্তবে শিক্ষার্থীদের ছয় মাস বা তারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষ (২০২০-২১ সেশন)-এর ফলাফলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। অনার্স তৃতীয় বর্ষ (২০২১-২২ সেশন)-এর ক্ষেত্রে কেবল আরবি বিভাগের একটি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, অনার্স দ্বিতীয় বর্ষ (২০২২-২৩ সেশন)-এর সমাজবিজ্ঞান, বাংলা, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, আরবি, হিসাববিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের ফলাফল এখনো অপ্রকাশিত।
রিপোর্টারের নাম 

























