২০২৬ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় হারে অভিষেক হলেও, ফুটবল ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাও। বিশ্বমঞ্চে পা রেখেই মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের এই ক্ষুদ্র দেশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নিজেদের নাম লিখিয়েছে।
মাত্র ১,৫৬,১১৫ জন জনসংখ্যা নিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ইতিহাসের ক্ষুদ্রতম দেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে কুরাসাও। তারা ২০১৮ বিশ্বকাপে খেলা ৩ লক্ষাধিক জনসংখ্যার দেশ আইসল্যান্ডের রেকর্ড ভেঙে দিয়েছে। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কুরাসাও ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গিলবার্ট মার্টিনাকে এই ঐতিহাসিক সার্টিফিকেট প্রদান করেছে।
অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে কনকাকাফ বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে ড্র করে বিশ্বকাপে জায়গা করে নেয় কুরাসাও। জার্মানির বিপক্ষে ম্যাচে হারলেও, প্রথমার্ধে লিভানো কোমেনেনসিয়ার গোলে ১-১ সমতা এনে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক গোলটি উদযাপন করে দলটি। আগামী রোববার ভোর ৬টায় প্রথম জয়ের খোঁজে ইকুয়েডরের মুখোমুখি হবে কুরাসাও।
রিপোর্টারের নাম 





















