সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা-৫ আসনের শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিএসএফ কর্তৃক পুশইন করার চেষ্টা করা দুই হাজার ৩৬৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে এবং অন্যদের আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে সব সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও একই ধরনের পরিকল্পনা বিবেচনাধীন আছে। সীমান্ত হত্যা বন্ধে ও ক্ষতিপূরণ আদায়ে ভারত সরকারের ওপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
রিপোর্টারের নাম 























