আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে তিনটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশনায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, ব্যবহারযোগ্য ক্যালকুলেটরের তালিকা এবং যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন যেকোনো সমস্যা, তথ্য আদান-প্রদান বা অভিযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। শিক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্রসংশ্লিষ্টরা ০২-২২৩৩৬৯৮১৫ (টেলিফোন), ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ (মোবাইল) নম্বরগুলোতে অথবা controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।
পরীক্ষায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধে পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি সুনির্দিষ্ট ৮টি মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991ES, Fx-991Ex, Fx-991ES Plus, Fx-991CW। একই সঙ্গে, পরীক্ষা কক্ষে ডিজিটাল বা স্মার্টওয়াচ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে; কেবল সনাতন পদ্ধতির কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের ভোগান্তি ও কেন্দ্রের আশপাশের রাস্তাঘাটে তীব্র যানজট এড়াতে সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক আদেশে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ ও প্রশ্নপত্র বিতরণ সংক্রান্ত পূর্বের নিয়মাবলী যথারীতি অপরিবর্তিত থাকবে।
রিপোর্টারের নাম 























