চলতি বছরের হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত মোট ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। রোববার পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫২ হাজার ৫৫৫ জন হাজি দেশে ফিরেছেন। এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫২ জন বাংলাদেশি মারা গেছেন, যাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, নানা ধরনের অসুস্থতায় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৪ হাজার ১৪৯ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৮৯০ জন হাজিকে সেবা প্রদান করেছে।
এ বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
রিপোর্টারের নাম 























