পাবনার সাঁথিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল কাশেম সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের নিজামুদ্দিন শেখের ছেলে এবং তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন।
জানা যায়, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় আবুল কাশেমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এই ঘটনার প্রতিবাদে এবং দোষী গ্রেপ্তার দাবিতে রোববার অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয়রা।
এদিকে, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ইউনিয়ন যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানিয়েছেন, ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























