স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি উল্লেখ করেন যে তামাক একটি মারাত্মক আসক্তি যা শরীরের প্রায় সকল অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। মন্ত্রী জানান, বর্তমান আইনের ফাঁক গলে অপরাধীরা প্রায়শই পার পেয়ে যায়, তাই তামাক বিরোধী আইনকে আরও কঠোর করার বিকল্প নেই।
সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, তরুণ সমাজ তামাক সেবন থেকে শুরু করে এখন আরও মারাত্মক নেশার দিকে ধাবিত হচ্ছে। যারা ধূমপান করেন, তারাই এর ভয়াবহতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তামাক মানুষের ঘুম নষ্ট করে, ক্ষুধা ও ওজন কমিয়ে দেয়, এমনকি গালে ও দাঁতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে।
স্বাস্থ্যসেবা খাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ কোনো রকম খারাপ কিছু বা অবহেলা করলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি আদ-দ্বীন মেডিকেল কলেজের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, অমানবিক সেবার কারণে হাসপাতালটি বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হলেও মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি।
হামের টিকাদান বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের টিকাদানে স্বাস্থ্য বিভাগ শতভাগ সফলতা অর্জন করেছে। তিনি বলেন, পুরো দেশে আমরা নির্ধারিত লক্ষ্যের চেয়েও বেশি টার্গেট অর্জন করেছি। ঈদের আগে থেকে প্রতিদিন ডেকে ডেকে এবং মাইকিং করে টিকা দেওয়া হয়েছে, এবং আমাদের ইপিআই কর্মসূচিও চলমান রয়েছে। হামের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হাম একেবারে নির্মূল করা সম্ভব নয়, তবে অনেক সময় সাধারণ জ্বরকেও হাম হিসেবে ভুল করা হয়। গত এক সপ্তাহে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। তিনি আরও জানান, গত ২০ তারিখে দেওয়া টিকার অ্যান্টিবডি তৈরি হতে এক মাস সময় লাগে, এবং সময়মতো ডাক্তার-নার্সদের সেবা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও টিকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। ই-সিগারেট বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অগ্রগতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আলোচনা চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টারের নাম 























