রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাউদের ছেলে। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম জানান, বেলা ১২টার দিকে তৌহিদ আফ্রিদিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের জন্য দোয়া চাই।’
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান আদালতে আবেদন করে তৌহিদ আফ্রিদিকে এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর অনুরোধ জানান। আবেদনে উল্লেখ করা হয়, সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা পাওয়া গেছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো অত্যন্ত জরুরি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে এবং শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করে। এরপর বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, তৌহিদ আফ্রিদিকে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























