বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে রংপুরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নগরীর পাবলিক লাইব্রেরির মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা বাংলাদেশের পতাকা, আর্জেন্টিনার পতাকা, লিওনেল মেসির ছবি এবং বিশ্বকাপ হাতে মেসির ছবি নিয়ে উল্লাস প্রকাশ করেন।
শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, আর্জেন্টিনা একটি সুশৃঙ্খল দল এবং তাদের খেলা অত্যন্ত উপভোগ্য। তারা মনে করেন, যারা খেলা বোঝেন, তারা আর্জেন্টিনাকেই সমর্থন করবেন। মেসির নেতৃত্ব এবং তার গোলের জাদুতে দলটি অনেকের আবেগের কারণ। তারা এবারও দলের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহির আলম নয়ন বলেন, ‘ব্রাজিলের সমর্থকরা খেলার আগে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু খেলা শেষে তারা চুপ হয়ে যান। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, আশা করি এবারও তারা জয়ী হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স জানান, বর্তমানে পুরো রংপুর শহরে আর্জেন্টিনার সমর্থকদেরই আধিক্য দেখা যাচ্ছে, অন্য কোনো দলের সমর্থক তেমন চোখে পড়ছে না। তিনি বলেন, ‘যদি কোনো ব্রাজিল সমর্থকের ভুল ভাঙে, তবে তারা আমাদের দলে যোগ দিতে পারেন। আমরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাব।’
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন, রবিউল ইসলাম রবি, হুমায়ূন কবির রুমু, জুবায়ের হাসান রজু, মারুফ হোসেন, নাজমুল ইসলাম নিসাত, নোমান হাসান, ইমতিয়াজ আহমেদ ইমতি, তামজিদ পারভেজ বাদল, জাকির আহম্মেদ রাশেদুজ্জামান রাশেদ, ফরহাদুজ্জামান ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও, রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজনের কথাও জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























