ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তুরাপ মোল্লা নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার সকাল সাতটার দিকে বগাইল টোল প্লাজা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তুরাপ মোল্লা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তুরাপ মোল্লা সকালে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে ভ্যানযোগে কাজের উদ্দেশ্যে তুজারপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বগাইল টোল প্লাজার লিংক সড়কে একটি বেপরোয়া কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যান গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুরাপ মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
এই নৃশংস মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে কাভার্ড ভ্যানসহ আরও কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 



















