দীর্ঘ বিরতির পর জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত শ্রোতাদের জন্য উপহার নিয়ে এসেছেন দুটি নতুন মৌলিক গান। তাঁর মনমুগ্ধকর সুরেলা কণ্ঠ সব সময়ই শ্রোতাদের বিমোহিত করে। এই দুটি গানই তাঁর ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
প্রথম গানটির শিরোনাম ‘ওগো মোর প্রিয়া’, যার কথা লিখেছেন আহমেদ রিজভী এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। অন্য গানটির নাম ‘তুমি আমার মুখ দেখারই আয়না’, যা লিখেছেন ও সুর করেছেন রোহান রাজ। দুটি গানই সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং বিপুল সাড়া ফেলেছে।
হৈমন্তী রক্ষিত জানান, নতুন গানগুলো তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমরান এবং বেলাল-এর সঙ্গে গেয়েছেন। এই সহশিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘চেষ্টা করি নিজের মৌলিক গান প্রকাশ করার, কিন্তু এই সময়ে ভালো মৌলিক গান প্রকাশ করাটা বেশ চ্যালেঞ্জিং। এই কঠিন সময়ে আমার পরপর দুটি মৌলিক গান, তাও আবার ইমরান ও বেলালের মতো প্রতিভাবান শিল্পীদের সঙ্গে, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
ইমরানের সঙ্গে গাওয়া গানটি প্রকাশের পরপরই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বেলালের সঙ্গে তাঁর মিষ্টিমধুর গানটিও ধীরে ধীরে শ্রোতাদের মন জয় করছে। হৈমন্তী আরও জানান, ভবিষ্যতে আরও কিছু মৌলিক গান প্রকাশের পরিকল্পনা তাঁর রয়েছে।
এর আগে রুনা লায়লার সুরে একটি মৌলিক গান গেয়েছিলেন হৈমন্তী, যা তাঁর জন্য এক বিরাট প্রাপ্তি ছিল। তাঁর সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল বাণী কুমার চৌধুরীর কাছে এবং পরবর্তীতে বাসুদেবসহ আরও অনেক খ্যাতিমান শিল্পীর কাছে তিনি তালিম নিয়েছেন। ১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবামের মাধ্যমে পেশাগতভাবে তাঁর সংগীত জীবনের যাত্রা শুরু হয়েছিল।
রিপোর্টারের নাম 

























