বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে অনীহা প্রকাশ করায় জেলার ডিসি ও এসপিদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা আপনাদের চেয়ারের মর্যাদা রক্ষা করুন এবং জনগণের ইচ্ছা পূরণের চেষ্টা করুন। তা না হলে আপনাদের কাউকে রাখা হবে না।’
রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, ‘জনগণের জন্য কাজ করতে এসেছেন, তাই সেই শপথের কথা মাথায় রেখে কাজ করুন। আমাকে অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়, তাই আমি চাই আপনারা আমার হয়ে আমার এলাকার মানুষের পাশে থাকুন।’
বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জ পৌরসভার পানির সমস্যা, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদক নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানে ডিসি, এসপি সহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
রিপোর্টারের নাম 






















