আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটি ২০২৩ সালে মুক্তি পেয়ে দর্শকদের মন জয় করেছিল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিল। এবার আসছে সেই ছবিরই সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এই ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। গত শুক্রবার দেড় মিনিটের একটি ঘোষণামূলক ভিডিওর মাধ্যমে ‘সুড়ঙ্গ ২’ নির্মাণের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নির্মাতা রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশো ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আসছেন। ছবির গল্প ‘সুড়ঙ্গ’-এর শেষ থেকে নতুন অধ্যায় শুরু করবে বলে জানা গেছে। এবার আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবে ছবিটি। এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সনি জানিয়েছেন, ‘সুড়ঙ্গ ২’-এর মাধ্যমে তারা কেবল একটি সফল ফ্র্যাঞ্চাইজিকেই এগিয়ে নিয়ে যেতে চান না, বরং এমন একটি গল্প বলতে চান যা বর্তমান দর্শকদের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎকে প্রতিফলিত করে।
নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ ২’ আগের গল্পের ধারাবাহিকতা নয়, বরং এটি তার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াইকে এবার আরও বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করা হয়েছে। তিনি দর্শকদের কাছে অনুরোধ করেছেন, ‘সুড়ঙ্গ ২’-কে শুধু একটি সিক্যুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখতে। কারণ এবার শুধু একটি গল্প বলা হচ্ছে না, বরং একটি বড়, গভীর এবং স্মরণীয় জার্নি তৈরি করা হচ্ছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ’-এর সাফল্য প্রমাণ করেছে যে বাংলাদেশের দর্শক বিশ্বমানের কনটেন্ট দেখতে চায়। সেই লক্ষ্য নিয়েই ‘সুড়ঙ্গ-২’ নির্মাণ করা হচ্ছে এবং গল্প, নির্মাণ ও প্রযোজনার প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, যা দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।
রিপোর্টারের নাম 

























