ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে এক দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও উন্মাদনা বিরাজ করছে, যা ক্যাম্পাসের পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত। রাবি ব্রাজিল ফ্যানস ক্লাব ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা পাল্টাপাল্টি শোডাউন ও আনন্দ র্যালির মাধ্যমে নিজেদের সমর্থন প্রকাশ করছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। রোববার ভোর ৪টায় ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচটি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে রাবি ছাত্রদল এবং হবিবুর মাঠে রাকসুর উদ্যোগে জায়ান্ট স্ক্রিনের আয়োজন করা হয়। বিভিন্ন হল ও মেস থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।
এর আগে শনিবার (১৩ জুন) বিকেলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা পৃথকভাবে আনন্দ র্যালি বের করেন। ব্রাজিল সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে এবং আর্জেন্টিনা সমর্থকরা বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে তাদের র্যালি শুরু করেন। র্যালিগুলো ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক সমর্থক অংশগ্রহণ করেন, যারা প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মাতিয়ে তোলেন।
র্যালিতে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকদের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি, ব্রাজিলের ঘাঁটি’, ‘তুমি কে, আমি কে—ব্রাজিল, ব্রাজিল’ এবং ‘হেক্সার স্বপ্ন এবার পূরণ হবেই’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্য করেও বিভিন্ন স্লোগান দেন তারা। অন্যদিকে, আর্জেন্টিনা সমর্থকরা ‘জিতবে কারা—আর্জেন্টিনা’, ‘রাবির মাটি, আর্জেন্টিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে অংশ নিয়ে ব্রাজিল সমর্থক তাসনিয়া তিথি বলেন, “বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই আজ অনেক ভালো লাগছে। সেই আনন্দ থেকেই আমরা র্যালির আয়োজন করেছি। আশা করি এবার আমাদের মিশন হেক্সা সফল হবে।” আরেক সমর্থক রফিকুল ইসলাম জানান, “ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি। সব সমীকরণকে পেছনে ফেলে এবার আমরাই বিশ্বকাপ ঘরে তুলব, ইনশাআল্লাহ।” রাবি ব্রাজিল ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ বলেন, “আগামীকাল ভোরে আমাদের প্রিয় দলের প্রথম ম্যাচ। তাই দলকে স্বাগত জানিয়ে এই মিলনমেলা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।” তিনি আরও যোগ করেন, “ক্যাম্পাসজুড়ে এখন বিশ্বকাপের আমেজ। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলছে।”
রিপোর্টারের নাম 
























