বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকৌশল শিক্ষার্থীদের শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জনে সীমাবদ্ধ না থেকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সকলের জন্য কল্যাণ বয়ে আনবে।
রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ড. মামুন আহমেদ আরও বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীর প্রয়োজন অনস্বীকার্য। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি উল্লেখ করেন যে, ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই তাদের শুধু একাডেমিক উৎকর্ষ নয়, সামাজিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। এমআইএসটি-র মতো সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠানে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষের চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক সম্পৃক্ততা ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। ইউজিসি চেয়ারম্যান এমআইএসটি কর্তৃপক্ষকে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান, যেখানে শৃঙ্খলা ও মানবিক বিকাশের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং শিক্ষার্থীরা দক্ষ, দায়িত্বশীল ও সমাজমুখী নাগরিক হিসেবে গড়ে উঠবে।
দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটলেও সে অনুপাতে শিক্ষার মান বাড়েনি বলে মন্তব্য করে ইউজিসি চেয়ারম্যান বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি। এ লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 



















