বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার ঘোষিত বাজেট জনগণের জন্য নয়, বরং এটি নেতাকর্মীদের লুটপাটের বাজেট। তিনি এই বাজেটকে উচ্চাভিলাষী ও ঋণনির্ভর হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি দেশের মানুষকে নিঃশেষ করে দেবে।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে উপজেলা কর্ম পরিষদ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক পরওয়ার দাবি করেন, সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে যা তাদের দলীয় নেতাকর্মীদের লুটপাট ও আখের গোছাতে সাহায্য করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বাজেট প্রত্যাখ্যান করেছে এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে একটি জনবান্ধব ছায়া বাজেট ঘোষণা করেছে। জামায়াত আশা করে, সরকার সংশোধিত বাজেট জাতির সামনে উপস্থাপন করবে।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দলের ব্যাংক নয়, এটি বাংলাদেশের জনগণের ব্যাংক। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের মতো ব্যাংক লুটপাটের চেষ্টা করে, তবে দেশের মানুষ তা মেনে নেবে না।
ভোলা জেলার বিষয়ে তিনি স্পিকারের ভূমিকার প্রশংসা করলেও ভোলা সদর আসনের সংসদ সদস্যের সমালোচনা করেন। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ভোলার মানুষের ন্যায্য দাবি যেমন – নিজস্ব গ্যাস দিয়ে শিল্প স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং নদী ভাঙন রোধের বিষয়ে কোনো কথা বলছেন না। বরং তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মন্তব্য করতে ব্যস্ত। অধ্যাপক পরওয়ার ভোলার মানুষের এসব ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















