ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যতদিন চরমোনাই হক বা সত্যের ওপর থাকবে, ততদিন তিনি দলের সাথে থাকবেন। যখন বিচ্যুতি ঘটবে, তখন তিনি দল থেকে বেরিয়ে যাবেন। তিনি স্পষ্ট করে বলেন, চরমোনাই মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শহরে এম সাইফুর রহমান টাউন হলে সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যে দলের মধ্যে নবী ও সাহাবাদের সুন্নাত থাকবে, সেই দলকে আঁকড়ে ধরে রাখা উচিত। কারণ এসব দলের মধ্যে আল্লাহভীতি কাজ করে। আজ হোক কাল হোক, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হবে, ইনশাল্লাহ।
ফয়জুল করীম দৃঢ়ভাবে বলেন, আমরা ইসলামের জন্য ক্ষমতাকে ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারি না। এটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জেলা সভাপতি আলহাজ মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আলহাজ শামসুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম, আদর্শিক চেতনা ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 






















