বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ফাঁসির মঞ্চকে তুচ্ছ মনে করে, তাদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই। শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির সরকারের উদ্দেশে বলেন, আপনারা যদি ভালো কাজ করেন, আমরা প্রশংসা করব। কিন্তু ভুল করলে বা খারাপ করলে অবশ্যই সমালোচনা করব। আপনাদের সময় সীমিত। এই সীমিত সময়ে যদি আপনারা পরিবর্তন হয়ে যান, তাহলে আপনাদের অভিনন্দন জানাব। অন্যথায়, আপনাদের বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি ঘোষণা দেন, এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্যাংক ডাকাতদের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়। তারা নিজেদের অনেক কিছু দিতে পারলেও জনগণকে কিছু দিতে পারবে না, যা গত তিন মাসে প্রমাণিত হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকার ফ্যাসিস্ট আমলের দেখানো পথেই হাঁটছে এবং জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারবে না।
কক্সবাজারে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মদ ও সিগারেটের দাম বাড়ায় বিরোধী দল বাজেটকে স্বাগত না জানিয়ে সমালোচনা করছে। মূলত আমরা মদ নয়, তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করছি। প্রয়োজনে আমরা রাজপথে নামব। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
রিপোর্টারের নাম 



















