চাঁদপুরের হাজীগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। শনিবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ মাতৃমায়া আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ৬৫ বছর বয়সী মো. ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করে। পরবর্তীতে চাঁদপুর থেকে আসা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলের সদস্যরা লাশের পরিচয় শনাক্ত করেন। ইলিয়াস কাজী ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের কাজীবাড়ীর আদম আলী কাজীর ছেলে।
নিহত ইলিয়াস কাজীর ছেলে মাহদী হাসান কাজী জানান, গত ৮ মে থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং ৬১৮) করা হয়েছিল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজীগঞ্জে একটি অজ্ঞাত লাশ উদ্ধারের খবর জানতে পেরে তারা থানায় এসে লাশ শনাক্ত করেন।
মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক ফারুক হোসেন লিটন জানান, গত ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় মো. ইলিয়াস কাজী তাদের হোটেলে ওঠেন। এরপর ১৩ জুন (শনিবার) দুপুর আড়াইটা পর্যন্ত রুমের দরজা বন্ধ এবং কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি থানায় খবর দেন। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে দরজা ভেঙে ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান সংবাদকর্মীদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলিয়াস কাজী কীটনাশক পান করে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























