চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ ২২ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবুলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি, চারটি কার্তুজ, ছেনি, চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১১,২২০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের সূচনা কলোনি ও তাহের বাজার এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি বুলবুলি, যিনি বাবলুর মাদক ব্যবসার সহযোগী বলে জানা গেছে। সন্দ্বীপ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অনুসন্ধানে জানা গেছে, মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবুল দীর্ঘদিন ধরে সন্দ্বীপসহ বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্র পরিচালনা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ২২টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম (বিপিএম) জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও ডাকাতবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং সন্দ্বীপকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















