রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। শনিবার দিনব্যাপী এই কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।
জানা গেছে, উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে শুরু হয়ে আশপাশের আবাসিক এলাকার পাশ দিয়ে প্রবাহিত একটি ডোবায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এই সমস্যার সমাধানে নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন।
কর্মসূচিতে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ডোবা থেকে ময়লা-আবর্জনা উত্তোলন করা হয় এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষের অপসারণের জন্য নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও সারাদিন ধরে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে আফাজ উদ্দিন জানান, নির্বাচনের আগে ও পরে তিনি এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এটি বিএনপির ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উত্তরা এলাকাকে একটি আধুনিক ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তিনি দিয়াবাড়ি এলাকায় ধানমন্ডি-হাতিরঝিলের আদলে একটি পরিকল্পিত লেকপার্ক গড়ে তোলার প্রস্তাব দেন। এই পার্কে শিশুদের জন্য আলাদা কর্নার, বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা, বয়স্কদের জন্য হাঁটার পথ এবং তরুণ-শিক্ষার্থীদের জন্য বিনোদনমূলক সুবিধা রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর ঘোষণাও দেন এই বিএনপি নেতা।
রিপোর্টারের নাম 






















