খুলনার দক্ষিণ লবনচরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গাজী রফিক (৪৫) ওরফে ‘ঢাকাইয়া রফিক’ নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লবনচরার দশগেট এলাকায় নিজের বাসার অদূরেই এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি। নিহত গাজী রফিক দক্ষিণ লবনচরা মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকের বড় ছেলে কয়েকদিন আগে অভিমান করে বাড়ি থেকে চলে যায়। শুক্রবার সকালে ছেলেকে খুঁজতে বের হয়ে একপর্যায়ে তাকে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা স্থানে বসেছিলেন রফিক। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার তলপেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যার কারণ, এর পেছনে কোনো পূর্বশত্রুতা নাকি রাজনৈতিক বিরোধ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেএমপির সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
রিপোর্টারের নাম 
























