সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা একটি ভাতের হোটেল, একটি মিষ্টির দোকান, একটি সেলুন, একটি ইলেকট্রনিকসের দোকান এবং তিনটি মনোহারি দোকানসহ মোট সাতটি দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে সব দোকানই ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের সমস্ত মালামাল, আসবাবপত্র এবং নগদ অর্থসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া জানান, তার দুটি দোকান ছিল এবং প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইলেকট্রনিকসের দোকানদার রিপন বলেন, তার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মনোহারি ও বিকাশের দোকানদার রেজাউল করিমের প্রায় ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে, যার মধ্যে বিকাশের টাকা ও কার্ডও ছিল। এছাড়াও, সেলুন ও আসবাবপত্রের দোকানের মালিক লালমোহন প্রায় ৬ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছেন।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ব্যবসায়ীরা সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা চেয়েছেন।
রিপোর্টারের নাম 






















