চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক শীল (৪০) নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কচুয়াইয়ের চক্রশালা এলাকায় বোরকা পরিহিত একজনসহ তিনজনকে রাস্তার পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পঙ্কজ শীল ও তিলক শীল তাদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সন্দেহভাজন তিনজন ধারালো অস্ত্র দিয়ে পঙ্কজ ও তিলককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ছুরিকাঘাতে লুটিয়ে পড়া পঙ্কজ ও তিলককে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই পঙ্কজ শীলের মৃত্যু হয়। আহত তিলক শীলের অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, হামলার পর তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা বোরকা পরিহিত আবিদুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করতে সক্ষম হন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 






















