নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে দোকান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে গুলি করে রাস্তায় ফেলে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ফারুক হোসেন (২৭) শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন অটোচালক। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চার-পাঁচজনের একটি সশস্ত্র দল সিএনজিচালিত অটোরিকশায় করে এসে তাকে টেনে-হিঁচড়ে অটোরিকশার পাশে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই এক অস্ত্রধারী ফারুকের পায়ে ও পেটে গুলি করে রাস্তায় ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির শব্দে এবং গুলিবিদ্ধ ফারুকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে এবং গুলিবিদ্ধ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
রিপোর্টারের নাম 























