কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি বাড়িতে ডাকাতির পর বাড়ির নারী সদস্যদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয় সন্দেহভাজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ডলুনিঘোনা এলাকায় সাত থেকে আটজনের একটি সশস্ত্র ডাকাত দল একটি বাড়িতে প্রবেশ করে। তারা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। অভিযোগ রয়েছে, ডাকাতেরা ঘরের আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই সঙ্গে পরিবারের গৃহবধূ ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—মেহেদী হাসান, মোহাম্মদ তারেক, কেফায়েত হোসেন, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ তানজিদ ও রেজাউল করিম। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
রিপোর্টারের নাম 






















