নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার লালমিয়ার বাজার ও শ্যামগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে মো. আলমকে (৫০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং আব্দুল্লাহ আল ফারাবী তমালকে (২৭) ১০ দিনের কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযান চলাকালে জব্দকৃত ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জনসমক্ষেই ধ্বংস করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















