বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং তথ্য বিনিময় আরও জোরদার করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এবং বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাব। রোববার রাজধানী ঢাকায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিক্যাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এবং বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু।
ডিক্যাবের অতিথিদের স্বাগত জানিয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, চীন ও বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে সরকারি পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের গণমাধ্যম সহযোগিতায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা আগামীতে আরও বেশি সাংবাদিককে চীন সফরের সুযোগ করে দেবে এবং দুই দেশের মানুষকে পরস্পরকে আরও নিবিড়ভাবে জানতে ও মৈত্রী দৃঢ় করতে সহায়তা করবে।
চুক্তি স্বাক্ষর শেষে ডিক্যাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস তার বক্তব্যে বলেন, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক এবং আন্তর্জাতিক কূটনীতির বস্তুনিষ্ঠ তথ্য আদান-প্রদানে এই চুক্তি নতুন দিগন্ত উন্মোচন করবে। দুই দেশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে এটি একটি দারুণ সুযোগ।
এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























