আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও জোরালো করতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসিকে পুরো ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি আলবিসেলেস্তেদের। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে।
কোচ লিওনেল স্কালোনি ম্যাচে একাধিক পরিবর্তন আনলেও পেশির ক্লান্তি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে মেসিকে বিশ্রামে রাখেন। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র অগাস্তিন গিয়াই পুরো ৯০ মিনিট খেলেছেন। দর্শকে ঠাসা কাইল ফিল্ডে শুরু থেকেই আর্জেন্টিনার পক্ষে সমর্থকদের জোরালো উপস্থিতি ছিল, তবে সবার চোখ ছিল বেঞ্চে বসে থাকা লিওনেল মেসির দিকে। শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি।
ম্যাচের ৩৭তম মিনিটে লাউতারো মার্টিনেস আর্জেন্টিনাকে এগিয়ে দেন। নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভেতরে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে তিনি দলকে লিড এনে দেন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ৫১তম মিনিটে লাউতারোর দারুণ ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন জিউলিয়ানো সিমিওনে। এই গোলেই ম্যাচের ফল প্রায় নিশ্চিত হয়ে যায়।
গোলের পর স্কালোনি দলে কয়েকটি পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামানোর ঝুঁকি নেননি। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পান। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও এখনো শতভাগ ফিট নন। ম্যাচের আগে স্কালোনি জানিয়েছিলেন, মেসির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে বিশ্বকাপের মতো বড় আসরের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল। তাই হন্ডুরাসের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান।
রিপোর্টারের নাম 

























