ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকির মন্তব্য করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। এই লক্ষ্য অর্জনে সব ক্ষেত্রে সুষ্ঠু বিচার এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদানিয়া আল মাদানী মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাআদ বিন জাকির জোর দিয়ে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বৈষম্য নয়, বরং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনার অন্যতম ভিত্তি। তিনি আরও উল্লেখ করেন যে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দেশে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় তিনি সাবেক ছাত্রনেতা হাফেজ নাঈমের মুক্তির দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা শিব্বীর আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুব জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা জাফর আহমেদসহ ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সুধীজন।
রিপোর্টারের নাম 





















