খেলাফত মজলিস দেশের বন্যাকবলিত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা আকস্মিকভাবে প্লাবিত হওয়ায় দলটি তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ তৎপরতা এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান। তারা বলেন, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পাহাড়ধস, প্রাণহানি, বাড়ি-ঘর তলিয়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কিছু নতুন জেলাও প্লাবিত হচ্ছে।
খেলাফত মজলিসের নেতারা আরও উল্লেখ করেন, বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। অসংখ্য মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বহু এলাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্গত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।
পাশাপাশি, দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে খেলাফত মজলিস ও তাদের সহযোগী সংগঠনের কর্মীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























