চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামের এক দর্জিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকার একটি জমি থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল আজিম ওই এলাকার মৃত ইসলামের ছেলে এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আজম তার বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে গেলে সেখানে উপস্থিত দুই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তারা নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখেছেন বলেও দাবি করেন। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানিয়েছেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
রিপোর্টারের নাম 
























