মডেল ও অভিনেত্রী নায়লা নাইম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, সাভারের একটি স্থানীয় বাজারে সবজি কিনতে গিয়ে এক ব্যক্তির আচরণের শিকার হয়েছেন তিনি।

সোমবার (১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নায়লা জানান, মায়ের সঙ্গে বাজারে কেনাকাটা করার সময় হঠাৎ এক মধ্যবয়সী ব্যক্তি এসে তাকে ধাক্কা দেন এবং তার পোশাক নিয়ে মন্তব্য করেন।

নায়লার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি মাথায় টুপি ও মুখে দাড়ি ছিল। তিনি অভিযোগ করেন, লোকটি তাকে ধাক্কা দিয়ে প্রশ্ন করেন কেন তিনি ‘বেপর্দা’ অবস্থায় বাজারে ঘোরাফেরা করছেন।

ঘটনার আকস্মিকতায় তিনি মাটিতে পড়ে যান বলে জানান। এতে তার হাত থেকে বাজারের ব্যাগ ছিটকে পড়ে এবং বাম হাতে আঘাত পান। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তার মা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান।


অভিনেত্রীর দাবি, তার মা তখন ভীত হয়ে পড়েছিলেন এবং কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর পরামর্শ দেন। ঘটনার পরও তার মা আতঙ্কিত ছিলেন বলে পোস্টে উল্লেখ করেন নায়লা।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি ঘটনার নিন্দা জানিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তবে এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন, আবার কেউ কেউ ঘটনার বিস্তারিত তদন্তের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
রিপোর্টারের নাম 






















