ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি প্রাথমিক ও অনানুষ্ঠানিক চুক্তি কাঠামোর খসড়া তেহরানের হাতে এসেছে। এই খসড়াটি একটি সমঝোতা স্মারক আকারে তৈরি বলে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই খসড়া রূপরেখার অধীনে ইরান আগামী এক মাসের মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনবে। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের এলাকা থেকে তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করে নেবে এবং নৌ অবরোধ তুলে নেবে। তবে, এই খসড়া প্রস্তাবে সামরিক জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া, ওমানের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পরিচালনা করার বিষয়টিও ইরান বিবেচনা করছে।
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই রূপরেখাটি এখনও চূড়ান্ত করা হয়নি এবং কোনও ধরণের ‘বাস্তবসম্মত যাচাইকরণ’ ছাড়া তেহরান কোনও পদক্ষেপ নেবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে যদি একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়, তবে সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি বাধ্যতামূলক প্রস্তাব হিসেবে অনুমোদিত হতে পারে।
রিপোর্টারের নাম 






















