সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। জেলার রামগঞ্জ, রায়পুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো মুসল্লি সকাল থেকে স্থানীয় ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেছেন।
জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরের মতো ১১টি গ্রামের প্রায় হাজারেরও বেশি মুসল্লি সকাল ৮টায় খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা, নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট-বড় ঈদের জামাতে অংশ নেন। খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এই এলাকার মানুষ পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করে আসছে। প্রায় ৪০ বছর ধরে এই অঞ্চলের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
রিপোর্টারের নাম 






















