ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার পরও ওই একই দিনে পরীক্ষার সূচি নির্ধারণ করায় তীব্র বিতর্কের মুখে পড়েছে। আগামী বৃহস্পতিবার (২৮ মে) নির্ধারিত এই পরীক্ষাগুলো অবিলম্বে স্থগিত ও নতুন করে সূচি নির্ধারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সংগঠনগুলো।
সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেনারেল ব্রাঞ্চ-২ থেকে জারি করা এক অফিস স্মারকে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, অনুষদ, বিভাগ, কলেজ ও ইনস্টিটিউট বন্ধ থাকবে। তবে একই বিজ্ঞপ্তিতে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার কথাও উল্লেখ করা হয়। এই বিজ্ঞপ্তির পর দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা উপাচার্যকে চিঠি দিয়ে পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করার কথা ভাবছে না। তবে যেসব শিক্ষার্থী উৎসবের কারণে পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তাদের জন্য পরবর্তীতে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে। তিনি বলেন, পরীক্ষা স্থগিত করলে পরবর্তী কোর্সের জন্য ইন্টারভিউ দেওয়া বা চাকরিতে যোগদানের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হবে, কারণ দ্রুত নতুন পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়। যারা উৎসব উদযাপন করবেন এবং পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেবেন, তাদের জন্য জুলাই মাসের দিকে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে, তবে এতে পুরো প্রক্রিয়াটি বিলম্বিত হবে।
শিক্ষকরা উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মুসলিম শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ঈদুল আজহার ধর্মীয় আচার ও উৎসবে শামিল হবেন। এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ ও মানসিক কষ্টের কারণ হতে পারে।
রিপোর্টারের নাম 






















