সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ এবং চন্দনাইশের জাঁহাগীরি শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এই দুটি দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ দুই শতকেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে কোরবানির ঈদ পালন করে আসছেন।
ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান। মির্জাখীল দরবার শরিফের দায়িত্বশীল মোহাম্মদ মছউদুর রহমান জানিয়েছেন, তারা হানাফী মাজহাবের বিশুদ্ধ অনুসারী হিসেবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের নিখুঁত অবস্থান এবং হজের খবর নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেন। এবারও আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা এবং হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর, দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাঁহাগীরিয়া ও মির্জাখীল দরবার শরিফের অনুসারীগণ বুধবার ঈদের নামাজ আদায় করবেন এবং এরপর পশু কোরবানি সম্পন্ন করবেন।
মির্জাখীল দরবার শরিফের তথ্যমতে, চন্দনাইশ পৌরসভার বিভিন্ন এলাকা, সাতকানিয়া উপজেলার বিভিন্ন গ্রামসহ শতাধিক গ্রামের তাদের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এছাড়াও বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামের মির্জাখীল দরবার শরিফের অনুসারীরাও বুধবার ঈদ পালন করবেন।
রিপোর্টারের নাম 






















