বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান-এর ৭৯তম আসরে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’র’ বা স্বর্ণপাম জয় করেছে রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ পরিচালিত রাজনৈতিক ও পারিবারিক ড্রামা ‘ফিয়র্ড’। এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বর্ণপাম জিতে অনন্য নজির স্থাপন করলেন এই নির্মাতা। পুরস্কার গ্রহণকালে মুঙ্গিউ বলেন, সিনেমা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বিভক্ত মানুষকে এক কাতারে নিয়ে আসতে পারে। তিনি আরও জানান, বর্তমান সময়ের বিচারবোধ, ধর্মীয় জটিলতা, পারিবারিক টানাপোড়েন এবং মানবিক সংকটই তার এই চলচ্চিত্রের মূল উপজীব্য।
নরওয়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় এক রোমানিয়ান ধর্মীয় পরিবারের করুণ পরিণতি ফুটিয়ে তোলা হয়েছে, যাদের সন্তানদের রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার পর এক ভয়াবহ সংকটের আবর্তে পড়ে পরিবারটি। সেবাস্টিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে অভিনীত এই সিনেমাটি প্রদর্শনের পর দর্শক দীর্ঘ ১০ মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘গ্রাঁ প্রি’ জিতে নিয়েছেন রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনৎসেভ, তার ‘মিনোটর’ সিনেমার জন্য। পুরস্কার গ্রহণকালে তিনি বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব হন। এছাড়া জুরি পুরস্কার পেয়েছে জার্মান নির্মাতা ভ্যালেস্কা গ্রিজেবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’। সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকোভস্কি এবং স্প্যানিশ নির্মাতা জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি। অভিনয় বিভাগেও ছিল যৌথ চমক; ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন এবং ভ্যালেন্তিন ক্যাম্পান ও ইমানুয়েল মাকিয়া সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এছাড়া সম্মানসূচক ‘অনারারি পাম দ’র’ পেয়েছেন কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ড ও নির্মাতা পিটার জ্যাকসন।
রিপোর্টারের নাম 





















