ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের তিন প্রভাবশালী জেনারেল বর্তমানে কলকাতার একটি সুরক্ষিত সামরিক আবাসিক এলাকায় অবস্থান করছেন। তারা হলেন— বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট জেনারেল মো. মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন এবং মেজর জেনারেল কবীর আহাম্মদ। সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি তাদের কলকাতার সাধারণ বেসামরিক এলাকা থেকে সরিয়ে হুগলি ব্রিজের নিকটবর্তী অত্যন্ত সুরক্ষিত সেনা আবাসে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রমতে, শেখ হাসিনা সরকারের পতনের পর পরই জেনারেল মুজিব ও জেনারেল আকবর দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় আশ্রয় নেন। পরবর্তীতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলে গত বছরের অক্টোবর মাসে তাদের সঙ্গে যোগ দেন জেনারেল কবীর আহাম্মদ। শুরুতে তারা কলকাতার সল্টলেক ও নিউ টাউন এলাকার ব্যক্তিগত আবাসে অবস্থান করলেও নিরাপত্তা বিবেচনায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাদের সংরক্ষিত সামরিক জোনে সরিয়ে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, এই তিন জেনারেল বিগত সরকারের আমলে বিরোধী দল দমনে আয়নাঘর ও গুমের মতো ঘটনার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন। বর্তমানে তারা কলকাতার সুরক্ষিত এলাকায় বসে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন বলে জানা গেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কলকাতার বিভিন্ন স্থানে তাদের রাজনৈতিক কার্যক্রম এবং গোপন বৈঠকের তথ্য প্রকাশ্যে এসেছে। অত্যন্ত সুরক্ষিত এই সেনা আবাসিক এলাকায় সাধারণের প্রবেশাধিকার না থাকায় তারা সেখানে নিরাপদে নিজেদের পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















