ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জেলা শহরের কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় তার ওপর ডিম নিক্ষেপ ও অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন।
হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর ইট-পাটকেল ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। এতে তার সঙ্গে থাকা বেশ কয়েকজন আহত হন এবং অনেকের মাথা ফেটে যায়। এছাড়া হামলাকারীরা তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে এনসিপি নেতারা নিরাপত্তার জন্য থানায় অবস্থান করছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।
রিপোর্টারের নাম 

























