চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমির পানিতে ভাসমান অবস্থায় সুজন দেবনাথ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন কৃষিজমি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
মৃত সুজন দেবনাথ ছিলেন উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামের বাসিন্দা এবং পেশায় ছিলেন একজন শ্রমিক।
সুজনের মা অঞ্জলী দেবনাথ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোনো রাজনীতি করে না। তার বাবা নেই। আমার এক মেয়ে আর এক ছেলে। তাদের বাবার মৃত্যুর পর মেয়েকে বিয়ে দিয়ে ছেলেকে নিয়েই থাকতাম। সে যখন যে কাজ পেত, তা দিয়ে রোজগার করে সংসার চালাত। বুধবার সকালে গাছ কাটার কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পর বাচ্চু নামে একজন তাকে ডেকে নিয়ে যায়। এরপরই খবর পেলাম পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এখন আমাকে কে দেখবে, আমাকে দেখার কেউ রইল না।”
সুজন দেবনাথের সঙ্গে কাজ করা মো. বাচ্চু (৫৫) জানান, তারা সকালে একসঙ্গে গাছ কাটার কাজ করেছিলেন। তবে সুজন কীভাবে মারা গেলেন, তা তিনি বলতে পারছেন না।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কৃষিজমির পানিতে লাশ ভেসে থাকার খবর পেয়ে সন্ধ্যায় সুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকের রিপোর্টের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
রিপোর্টারের নাম 



















