স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে তাঁর দেওয়া গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনাগুলো ছিল অত্যন্ত প্রাসঙ্গিক।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক একজন প্রতিষ্ঠিত গবেষক ও লেখক। তিনি সারাজীবন দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য নিজেকে নিবেদিত রেখেছেন।’
ড. ইউনূস উল্লেখ করেন, ‘স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি মিলিয়ে তাঁর লেখা প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্র-পত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ আমাদের জ্ঞানচর্চাকে যুগে যুগে সমৃদ্ধ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতেও (বাংলাদেশ) স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।’
প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন। তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৬ ও ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক স্টাডিজে এমএসসি (অর্থনীতি) এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন এই বিশেষজ্ঞ।
রিপোর্টারের নাম 

























