ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার (১৭ মে) স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং মিছিলের আয়োজন করা হয়েছে। পোস্টারে তার ছবি ব্যবহার করে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা’—এমন বার্তা লেখা রয়েছে। এ সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনো এক সময় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই পোস্টারগুলো লাগানো হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডিতে ভিডিওগুলো পোস্ট করেছেন। এছাড়া রবিবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের দিকে আসা একটি ট্রলারে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন এবং এর ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়।
পোস্টার লাগানো এবং নৌ-মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম। ভিডিওগুলোতে দেখা যায়, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ সংলগ্ন স্থান এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টারগুলো লাগানো হচ্ছে। মুখে মাস্ক পরে কয়েকজন যুবককে এই কাজ করতে দেখা যায়। পোস্টারে ‘১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ এবং ‘Bangladesh Rises Again’—এই কথাগুলো লেখা রয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পোস্টার লাগানো ও নৌ-মিছিলের বিষয়ে আমার কিছু জানা নেই।
রিপোর্টারের নাম 

























