বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর নদীগুলোতে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা হ্রাস পাচ্ছে, যা মিঠাপানির জলজ বাস্তুতন্ত্রের জন্য একটি গুরুতর ঝুঁকি তৈরি করছে। চীনের বিজ্ঞান অ্যাকাডেমির অধীনে নানচিং ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড লিমনোলজির গবেষকদের দ্বারা পরিচালিত একটি নতুন গবেষণা এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্স’-এ প্রকাশিত হয়েছে। ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বিশ্বজুড়ে ২১ হাজারেরও বেশি নদীর পানির অক্সিজেনের পরিবর্তন পর্যবেক্ষণ করেছেন। উন্নত মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে যে, প্রতি দশকে নদীর পানিতে অক্সিজেনের মাত্রা গড়ে প্রতি লিটারে প্রায় ০.০৪৫ মিলিগ্রাম করে কমছে। প্রায় ৮০ শতাংশ নদীতেই এই অক্সিজেন হ্রাসের প্রবণতা লক্ষ্য করা গেছে।
গবেষণায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, উষ্ণমণ্ডলীয় অঞ্চলের নদীগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অঞ্চলে স্বাভাবিকভাবেই অক্সিজেনের মাত্রা কম থাকে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে তা আরও দ্রুত হ্রাস পাচ্ছে, যা সেখানকার মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক অক্সিজেন-ঘাটতির সৃষ্টি করছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষমতা কমে যাওয়া, বাস্তুতন্ত্রের বিপাকীয় পরিবর্তন এবং তাপপ্রবাহজনিত চরম আবহাওয়া—এগুলোই মূলত অক্সিজেন হ্রাসের প্রধান কারণ বলে গবেষণায় উঠে এসেছে।
রিপোর্টারের নাম 






















