হবিগঞ্জে দিনদুপুরে পৃথক দুটি স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে দুই নারী শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই কায়দায় সংঘটিত এই ঘটনাগুলো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, সংঘাত ও হত্যাকাণ্ডের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে নারী শিক্ষকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকা এবং উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় এই দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার পথে জয়নগর এলাকায় মোটরসাইকেল আরোহী তিন যুবক তার পথরোধ করে। পিস্তল ও রামদা দেখিয়ে তারা তার কান থেকে প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলা থেকে প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাচ্ছিলেন। বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে তারা তার গলার প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিক্ষিকারা জানিয়েছেন, ছিনতাইকারীরা তাদের হুমকি দিয়েছে, কাউকে জানালে পরিণতি ভয়াবহ হবে। এ ঘটনায় তারা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিক্ষক সমাজেও এই ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 

























