প্রধানমন্ত্রী তারেক রহমান এক রাষ্ট্রীয় সফরে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। এরপর মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন।
একই দিনে প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন সরকারপ্রধান। সন্ধ্যায় কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন শেষে লং বিচ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে রাতেই তিনি আকাশপথে ঢাকা ফিরবেন।
উল্লেখ্য, দীর্ঘ দেড় দশক লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম কক্সবাজার সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















