দুনিয়া ও আখিরাতের মাঝে ভারসাম্য বজায় রেখে জীবন পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত পরকালীন সাফল্য অর্জন করা। পার্থিব জীবনের সাময়িক প্রাপ্তি বা অপ্রাপ্তি যেন আমাদের ঈমানি চেতনা ও কাজের স্পৃহাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, সৃষ্টিকর্তা যাকে যে অবস্থায় রাখেন, তার মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত থাকে। তাই আমাদের প্রধান দায়িত্ব হলো আন্তরিকতার সঙ্গে দ্বীনি কর্মকাণ্ড পরিচালনা করা এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। অনুষ্ঠানে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী নেত্রীদের সাংগঠনিক ও আদর্শিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে নূরুন্নিসা সিদ্দীকা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের যোগ্যতার স্বাক্ষর রাখার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ ও তাকওয়া অর্জনে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি। শিক্ষা শিবিরে দারসুল কোরআন পেশ করেন দলের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। তিনি উল্লেখ করেন, মুমিনের প্রতিটি কাজ, চিন্তা ও ত্যাগ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া উচিত। কেবল নির্দিষ্ট ইবাদত নয়, বরং পুরো জীবনধারা ইসলামের আলোকবর্তিকায় পরিচালনা করাই প্রকৃত দ্বীনদারীর পরিচয়।
রিপোর্টারের নাম 
























