কুমিল্লা সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে যুবদল। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক আনোয়ার এবং সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে আনোয়ারুল হক আনোয়ার বলেন, তাদের নেতা তারেক রহমান সব সময় কথা রাখেন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। তিনি অভিযোগ করেন, দুটি নির্দিষ্ট দলের সদস্যরা বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যেখানে বলা হচ্ছে বিএনপি নাকি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিপক্ষে। আনোয়ারুল হক এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে দাবি করেন, বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে।
তিনি আরও বলেন, ওই দুটি দল ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের পক্ষে, যা জনগণের স্বার্থের পরিপন্থী। এর বিপরীতে যুবদল চায় জনগণের সংসদ সদস্যের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হোক। পাশাপাশি, সংরক্ষিত নারী আসন বাড়ানোর বিষয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি জানান। আনোয়ারুল হক বলেন, তাদের সেই যোগ্য নারী নেতৃত্বই নেই।
যুবদলের এই নেতা আরও উল্লেখ করেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী তাদের নেতা তারেক রহমান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের পদ প্রস্তাব করেছিলেন। তবে বিরোধী দল এখনও তাদের পক্ষ থেকে ডেপুটি স্পিকারের নাম দেয়নি এবং তারেক রহমান এখনো সেই সুযোগ দিয়ে রেখেছেন। একই দাবিতে বুধবার সকালে কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসানও লিফলেট বিতরণ করেন।
রিপোর্টারের নাম 
























