লাটভিয়ার আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সরকারের প্রতিক্রিয়া নিয়ে জোট শরিকদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
জানা গেছে, রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কিছু ড্রোন পথভ্রষ্ট হয়ে লাটভিয়ার ভেতরে ঢুকে পড়ে। এই অনুপ্রবেশ ঠেকাতে দেশের অ্যান্টি-ড্রোন ব্যবস্থা সময়মতো সক্রিয় না হওয়ার অভিযোগে গত রোববার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা। এর পরপরই জোটের অন্যতম শরিক দল সমর্থন প্রত্যাহার করে নিলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় তার সরকার।
সংবিধান অনুযায়ী, এখন লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিনকেভিচস নতুন সরকারপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন। আগামী অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই এই রাজনৈতিক অস্থিরতা দেশটিকে নতুন সংকটে ফেলেছে। প্রধানমন্ত্রী সিলিনা জানিয়েছেন, পদত্যাগ করলেও তিনি দেশের প্রয়োজনে কাজ করে যাবেন।
রিপোর্টারের নাম 





















